Thursday, July 23, 2026

পিইডিপি৪-এর হস্তান্তর বিহীন অবকাঠামোর জরুরি তালিকা চেয়েছে ডিপিই

SHARE


পিইডিপি৪-এর হস্তান্তর বিহীন অবকাঠামোর জরুরি তালিকা চেয়েছে ডিপিই

অনলাইন ডেস্ক:

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি৪) আওতায় নির্মিত ও নির্মাণাধীন হস্তান্তর বিহীন অবকাঠামোর জরুরি তালিকা তলব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

​গত ২০ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত-ডিপিই) মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.৯৯.০০৬.১৮-৭৬৭) এ নির্দেশনা জারি করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি৪) মেয়াদ গত ৩০ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। মেয়াদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক নির্মিত বা নির্মাণাধীন যেসব অবকাঠামো (যেমন: শ্রেণিকক্ষ, সীমানা প্রাচীর, ওয়াশব্লক ও নলকূপ) উপযুক্ত কর্তৃপক্ষের নিকট এখনো হস্তান্তর করা হয়নি, সেগুলোর বিভাগ, জেলা ও উপজেলাওয়ারী তালিকা তৈরি করা জরুরি।

​আদেশে আরও বলা হয়, আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি এবং 'নিকুশবান' (NikoshBan) ফন্টে এক্সেল আকারে সফটকপি মহাপরিচালক বরাবর dgprimarybd@gmail.com এবং adgpedp4@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।

​বিষয়টি অত্যন্ত জরুরি উল্লেখ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় উপপরিচালকদের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।

SHARE

0 komentar: