মে মাসের অননুমোদিত অনুপস্থিত শিক্ষকদের তালিকা ও কারণ জানতে চায় ডিপিই
অনলাইন ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মে (২০২৬) মাসের অননুমোদিত অনুপস্থিতির প্রকৃত কারণ ও সময়কাল জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের ই-মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২২ জুলাই পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি স্মারকে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৮০১.১৪.০০২.২৪-৫০৪/৬৪) এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের দৈনন্দিন স্কুলে উপস্থিতি ও শ্রেণি কার্যক্রম পরিবীক্ষণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত তথ্য ডিপিই-এর পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ পর্যালোচনা করেছে। পর্যালোচনা শেষে সংযুক্ত তালিকায় উল্লিখিত শিক্ষকদের অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির প্রকৃত কারণ ও সময়কাল উল্লেখ করে রিপোর্ট জমা দেওয়া জরুরি হয়ে পড়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়, সংযুক্ত তালিকার শিক্ষকদের অনুপস্থিতির তথ্য একটি নির্ধারিত ছকে এক্সেল শিট (Excel sheet) আকারে আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে admonitoringdpe@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।
প্রাপ্ত প্রতিবেদন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক পুনরায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট শিক্ষক, বিদ্যালয় ও মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট সম্পূরক তথ্য, প্রমাণাদি বা ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। বিষয়টিতে ডিপিই মহাপরিচালকের সদয় অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইতোমধ্যে নির্দেশনার কপি দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকদের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।



0 komentar: