Thursday, July 23, 2026

প্রাথমিক শিক্ষকদের প্রতিদিনের উপস্থিতি মনিটরিং জোরদার

SHARE

 



প্রাথমিক শিক্ষকদের প্রতিদিনের উপস্থিতি মনিটরিং জোরদার: নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি মনিটরিং জোরদার করার লক্ষ্য নিয়ে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

​সম্প্রতি অধিদপ্তর থেকে প্রকাশিত এক জরুরি নির্দেশনায় জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিদিনের উপস্থিতির তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রমান্বয়ে বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা এবং বিভাগীয় কার্যালয় হয়ে অধিদপ্তরে পাঠাতে হবে।

​বিজ্ঞপ্তিতে মনিটরিং সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়সূচি পুনর্নির্ধারণ করে জানানো হয়েছে। সাধারণ অঞ্চলের জন্য বিদ্যালয় থেকে সকাল ৯:৪৫ মিনিট, ক্লাস্টার থেকে ১০:১৫ মিনিট, উপজেলা থেকে ১০:৪৫ মিনিট এবং জেলা কার্যালয় থেকে ১১:১৫ মিনিটের মধ্যে তথ্য প্রেরণের নিয়ম রয়েছে। তবে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বিদ্যালয় থেকে সকাল ৭:৫০ মিনিট, ক্লাস্টার থেকে ৮:১৫ মিনিট, থানা থেকে ৮:৪৫ মিনিট এবং জেলা থেকে ১০:১৫ মিনিটের মধ্যে তথ্য হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে বেলা ১১:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চূড়ান্ত তথ্য প্রেরণের নিয়ম থাকলেও মাঠপর্যায়ে অনেক সময় নির্ধারিত সময়ে এই তথ্য পৌঁছাচ্ছে না। ফলে প্রতিদিনের শিক্ষক উপস্থিতির সঠিক প্রতিবেদন তৈরি করতে জটিলতা তৈরি হচ্ছে।

​এই পরিস্থিতি নিরসনে অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত ওই পত্রে, অধীনস্থ সকল অফিস থেকে সময়মতো তথ্য সংগ্রহ ও একত্রীকরণ করে প্রতি কার্যদিবসে বেলা ১১:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয়ভাবে তথ্য পাঠাতে সব বিভাগীয় উপপরিচালককে পুনরায় অনুরোধ করা হয়েছে।

​শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল ও সময়াবদ্ধ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে, যা শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

SHARE

0 komentar: